এখন আমি মুগ্ধের সাথে কথা বলছি,
কথা বলছি তাহমিদের সাথে।
বড় ভাইদের সাথে এসেছে রিয়াজ;
সাঈদকে দেখে কী যে খুশি ইরফান।
সাজাহানের ছেঁড়া শার্ট, গা ভরা রক্ত
এই রক্ত কোনোদিন মিথ্যা বলে নাই
ফারহানের শেষ হাসি এখনো উন্মুক্ত
এখনো কারুকে চুমু খায়নি ওই ঠোঁট।
একে একে তারা বলেছে আমায়,
`সব কিছু মনে পড়ে ভাই,
রক্তের ধারা কি পেছনে গড়ায়?’
তখনই আমার পাশে কথা বলে কেউ,
জলের ডুবান থেকে উঠৈ আসে
রুদ্র সেন ছেলেটার হাত
সব মার ফেরত দেয়া হবে,
বলে গেছে কর্ণফুলীর বাঁক।
কথা বলে কিশোর সাইমন;
জান্নাতের বাবা আব্দুল গণি
শিশুদের নাম ধরে ডাকে,
লাল পরী আহা জানপাখি,
রিয়া গোপ এখনও কেন একা ছাদে?
একে একে এসেছে সবাই
শাহরিয়ার, ওয়াসিম হৃদয় তড়ুয়া
গায়ে গায়ে দাঁড়িয়েছে বন্ধুদের দল
শূণ্যস্থান ভরে দিতে দাঁড়াচ্ছে সবাই।
যেন ‘রাফি’ বলে দিলে ডাক
ভরে যাবে মিছিলের বুক,
সারা বাংলা আজ কান পেতে
শহীদের জবানি শুনুক:
হত্যার নায়েব তুই খোল টালি খাতা
প্রতিটি পাতায় দ্যাখ, তোরই নাম লেখা।
Copyright © July Memories by Bangladesh Free Press Initiative
Follow us on Facebook